রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এলাকাবাসীর মতবিনিময়
সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডকে সিলেট-১ আসনভূক্ত না রাখলে কঠোর আন্দোলন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৯:০৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট, সিটি কর্পোরেশনের আওতাধীন ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডকে সিলেট-১ আসন থেকে কর্তন করে সিলেট-৩ আসনে অন্তর্ভুক্তির প্রস্তাবনার প্রতিবাদে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ড সিলেট নগরীর প্রবেশদ্বার। সিলেট বিভাগীর সদর দপ্তরসহ সরকারি ২৯ টি দপ্তরের কার্যালয় এই এলাকায় অবস্থিত। ব্যবসা, শিল্প, বাণিজ্যসহ সার্বিক বিবেচনায় এই এলাকাটি সিলেট সদর তথা সিলেট-১ আসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৌগলিক ও রাজনৈতিক কারণে এই এলাকাটি সিলেট সদরের অবিচ্ছেদ্য অংশ। কোনরূপ জনমত যাচাই না করে এই এলাকাকে সিলেট-৩ আসনের সাথে অন্তর্ভুক্তির প্রস্তাবনায় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। অবিলম্বে এই প্রস্তাবনা বাতিল করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডবাসীর উদোগে আয়োজিত এই মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সব কথা বলেন।
মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভৌগলিক ও রাজনৈতিক অবস্থান বিবেচনায় নগরীর ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডবাসীকে কোন অবস্থাতেই সিলেট-১ আসন থেকে বিচ্ছিন্ন করার কোন সুযোগ নেই। রাজনৈতিক নেতৃবৃন্দ বা এই এলাকার গণমানুষের মতামত না নিয়ে সিলেট মহানগরীর এই ৩টি ওয়ার্ডকে সিলেট-১ আসন থেকে কেটে নিয়ে অন্য কোন আসনের সাথে সংযুক্ত করার প্রস্তাব জনমতকে উপেক্ষা করার সামিল। কোন অবস্থাতেই এই প্রস্তাবনা বাস্তবায়ন হতে দেয়া হবেনা।
সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি আফজল উদ্দিনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা নাজিম উদ্দিন ও জামায়াত নেতা সুমন আহমদ চৌধুরীর পরিচালনায় মতবিনিয় সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবী মনসুর হোসেন খান। অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের আইন উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক ও আইনজীবী এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, সিলেট জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার মামুন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, বিএনপি নেতা আবুল কালাম, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আখতার রশীদ চৌধুরী ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশতাক আহমদ, দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমান, ২৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এডভোকেট নাজমুল হুদা, ২৬ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আব্দুস সোবহান, বাবর আহমদ, দুলাল আহমদ প্রমুখ।
সভায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেট মহানগরীর ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডবাসী সিলেট মহানগরীর উন্নয়ন ও অগ্রগতিতে অনন্য অবদান রাখছেন। তারা নগরীর রাজনীতি ও সেবামূলক কর্মকান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই এলাকার ভোটারদের মতামত না নিয়ে কোন ধরনের হটকারী সিদ্ধান্ত নেয়া হলে সরকারের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, কোন অবস্থাতেই সিলেট মহানগরী থেকে ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডকে বিচ্ছিন্ন হতে দেয়া যাবেনা। প্রয়োজনে সম্মিলিত আন্দোলন গড়ে তোলা হবে।
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর নুরুল ইসলাম বাবুল বলেন, দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে সিলেট মহানগরীতে বিভাজন সৃষ্টির কোন অপচেষ্টা হলে সিলেট থেকে সরকার চাপের মুখে পড়তে পারে।




