সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৬, ৫:১৫:১৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজনেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এনিয়ে গত ১০ দিনের মধ্যে ৫ শিশুর মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মারা যাওয়া শিশুরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুরের রিপন মিয়ার ছেলে ১০ মাস বয়সী আব্দুল্লাহ ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জাকির মিয়ার ছেলে ১০ মাস বয়সী হুজাইফ।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, বুধবার সকালে আবদুল্লাহ ও বিকেলে হুজাইফের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ হামে আক্রান্ত না হলেও ৫২ জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯৯ জন।



