জলবায়ু পরিবর্তন এখন বাস্তব সংকট, উপকূল রক্ষায় গবেষণার আহ্বান শাবিপ্রবি উপাচার্যের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৬, ৮:০০:৪২ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, বরং এটি ইতোমধ্যেই বিশ্বের কোটি কোটি মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। আজ বুধবার (১৭জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমুদ্রবিজ্ঞান বিভাগের আয়োজনে শুরু হওয়া দুই দিনব্যাপী “ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন কোস্ট, ক্লাইমেট অ্যান্ড কমিউনিটির” উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, “জলবায়ু পরিবর্তন আর দূরবর্তী কোনো হুমকি নয়; এটি এমন এক বাস্তবতা, যা ইতোমধ্যে বিশ্বের কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করছে।” জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় অভিঘাত বহন করছে উপকূলীয় অঞ্চলগুলো। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘন ঘন তীব্র ঝড় ও ঘূর্ণিঝড় এবং জীববৈচিত্র্যের ক্ষয় স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা ও বৈশ্বিক খাদ্যনিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে।
গবেষকদের উদ্দেশে তিনি বলেন, উপকূলীয় ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষের টিকে থাকা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে নতুন প্রযুক্তি ও কার্যকর ব্যবস্থাপনা কৌশল উদ্ভাবনের বিকল্প নেই।
অধ্যাপক খায়রুল ইসলাম বলেন, আন্তর্জাতিক সম্মেলন ও একাডেমিক সিম্পোজিয়ামগুলো থেকে এমন বাস্তবভিত্তিক নীতিগত সুপারিশ উঠে আসা উচিত, যা সরকার ও জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোকে সমন্বিত এবং আন্তঃসীমান্ত উদ্যোগ গ্রহণে সহায়তা করবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, সিম্পোজিয়ামে উপস্থাপিত গবেষণালব্ধ ফলাফল ও সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছে পৌঁছাবে, যাতে নীতিনির্ধারকরা জলবায়ুজনিত চ্যালেঞ্জগুলো আরও কার্যকরভাবে মোকাবিলা করতে পারেন।
বাংলাদেশসহ সাতটি দেশের ৩৮টি প্রতিষ্ঠানের ৩২৫ জন গবেষক অংশ নেওয়া এ সিম্পোজিয়ামে উপকূলীয় ঝুঁকি, জলবায়ু পরিবর্তন এবং সম্প্রদায়ভিত্তিক অভিযোজন বিষয়ে ১১৫টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
বৃহস্পতিবার বিভিন্ন কারিগরি অধিবেশন ও গবেষণা উপস্থাপনার মধ্য দিয়ে সিম্পোজিয়ামের সমাপ্তি ঘটবে।




