সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৬, ৮:১৯:২১ অপরাহ্ন
সিলেট অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি এবং সমতলের আদিবাসীদের জন্য একটি স্বাধীন ও কার্যকর ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবি জানিয়েছেন স্থানীয় আদিবাসী প্রতিনিধিরা। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রোববার দুপুরে সিলেটে এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো)-র উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। ‘আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও সুস্বাস্থ্য সুরক্ষায় তাদের অবদান’ শীর্ষক মূল প্রতিপাদ্য নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ মূল প্রবন্ধ পাঠ করে বলেন, খাসি, মণিপুরি, পাত্র, ওরাঁও ও চা-শ্রমিকসহ সিলেটের বিভিন্ন আদিবাসী সম্প্রদায় বংশপরম্পরায় ভূমি ব্যবহার করলেও তাদের কোনো আইনি মালিকানা নেই। প্রথাগত ভূমির আইনি স্বীকৃতি না থাকায় আদিবাসীরা প্রায়ই বন বিভাগ ও প্রভাবশালী মহলের দ্বারা উচ্ছেদ এবং মিথ্যা মামলার শিকার হচ্ছেন।
এছাড়া সভায় বক্তারা আদিবাসী এলাকায় পর্যাপ্ত স্বাস্থ্যকেন্দ্র ও দক্ষ ধাত্রীর অভাবে নারী ও শিশুদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরেন। তারা অবিলম্বে প্রথাগত ভূমির মালিকানা প্রদান, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং জাতিসংঘের ঘোষণাপত্র অনুযায়ী আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।
একডোর সমন্বয়কারী তাসনিম চৌধুরীর সঞ্চালনায় সভায় সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ও আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে মণিপুরী ও চা-শ্রমিক শিল্পীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



