শাবিতে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্টিত
শাবি দেশের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয়, এখান থেকেই আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে- শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৬, ৮:০৪:২১ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী।
নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “শাবিপ্রবিতে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা সৌভাগ্যবান। এটি দেশের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয়। এখান থেকেই আগামী দিনের শিক্ষাবিদ, গবেষক ও জাতীয় নেতৃত্ব গড়ে উঠবে।”
বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের আবাসন ও খাবারের মান নিশ্চিত করার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বিকাশে অবদান রাখা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, নবীন শিক্ষার্থীরা এখন শাবিপ্রবি পরিবারের অংশ এবং তাদের একাডেমিক কার্যক্রম নির্ধারিত সময়ে সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর।
র্যাগিংয়ের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে উপাচার্য বলেন, কোনো শিক্ষার্থী সিনিয়রদের দ্বারা হয়রানির শিকার হলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। প্রয়োজনে শিক্ষার্থীরা সরাসরি তাঁর সঙ্গেও যোগাযোগ করতে পারবে।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, রেজিস্ট্রার, ছাত্র উপদেশ ও নির্দেশনা দপ্তরের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবীন বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম।



