সিলেটে গত ২৪ ঘণ্টায় হামে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৬, ৮:১৮:৫১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট বিভাগে হাম রোগীর সংখ্যা আশঙ্কাজনকহারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে সন্দেহভাজন হাম রোগে আক্রান্ত হয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে বিভাগে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’ থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ শিশুই হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুরের ৬ মাস বয়সী রাইয়ান, ছাতকের ৫ মাস বয়সী তাওসিফ ইসলাম ও সিলেটের জকিগঞ্জের ৭ মাস বয়সী আসমায়রা জান্নাত। এর মধ্যে রাইয়ান সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও বাকিরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ল্যাব কেস ধরা পড়েছে ১টি। চলতি বছরের ১লা জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত সিলেট বিভাগে মোট ল্যাব নিশ্চিত কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৩ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৬ জন সন্দেহভাজন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে মোট ২৮৪ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৯১ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৯৪ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন। বাকি রোগীরা বিভাগের বিভিন্ন জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।




