দৈনিক সিলেটের ডাক এ প্রতিবেদন প্রকাশের পর
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের ‘প্রেস’ ঢাকায় স্থানান্তর প্রচেষ্টায় ক্ষুব্ধ সিলেটবাসী, নানা কর্মসূচি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৫, ১:৩৪:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের ‘প্রেস’ ঢাকায় স্থানান্তরের পাঁয়তারা চলছে- এমন অভিযোগের খবরে সিলেটজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের ভূমি মালিকদের ব্যানারে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গতকাল বুধবার দৈনিক সিলেটের ডাক এর প্রথম পৃষ্ঠায় ‘সিলেটের জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপিত ‘প্রেস’ স্থানান্তর হচ্ছে ঢাকায়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এরপরপরই ফুঁসে উঠেন সিলেটবাসী। স্মারকলিপি পেশসহ নানা কর্মসূচি অব্যাহত রয়েছে।
খন্দকার মুক্তাদির : সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, সিলেট একটি প্রবাসী অধ্যুষিত বিভাগীয় শহর। একজন প্রবাসী মাত্র কয়েক দিনের জন্য দেশে আসেন। এই সময়ের মধ্যে তাদের জায়গা-জমির কাগজপত্র সংগ্রহ করতে হয়। কিন্তু সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস যদি ঢাকায় চলে যায়, তাহলে মানুষের দুর্ভোগ আরোও বাড়বে। প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার হচ্ছে দ্রুত সেবা পাওয়া। সিলেট থেকে প্রেস ঢাকায় স্থানান্তর হলে সিলেটবাসীর দুর্ভোগ বাড়বে। বিষয়টি বিবেচনায় নেয়া প্রয়োজন। যেখানে নাগরিকের সেবা নিশ্চিত করার কথা, সেখানে বিড়ম্বনা সৃষ্টি করা ঠিক হবে না। এই বিষয়টি সিলেটের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তর করলে সমগ্র সিলেটবাসী বিপাকে পড়বেন।
তাই বিষয়টি বিবেচনা করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সিলেটবাসীর স্বার্থে এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। সিলেটের মানুষের কথা চিন্তা করে এধরণের সিদ্ধান্ত বাতিল করার আহবান জানাচ্ছি। কর্তৃপক্ষের কাছে আহবান যে, সিলেটবাসীর স্বার্থে এধরনের সিদ্ধান্ত থেকে সরে আসেন।
শহীদ মিনারে মানববন্ধন :
স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে সিলেটের সর্বস্তরের ভূমির মালিকদের ব্যানারে গতকাল বুধবার নগরীর শহীদ মিনারে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেট বিভাগের জরিপের সাথে ঢাকার কর্মকর্তারা কেন এত নাখোশ, কেন গোপনে সিলেটবাসীর সাথে প্রতারণা করছেন। আমাদের না জানিয়ে কেন সিলেট থেকে ঢাকায় প্রেস নিয়ে যাওয়া হবে। তিনি হুঁশিয়ারি দেন যে, যদি এই আদেশ বাতিল না হয়, তা হলে সাত দিনের মধ্যে জোনাল সেটেলমেন্ট অফিস ঘেরাও করা হবে। আমরা যারা ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বিদায় করেছি, সেভাবে সিলেটবাসীকে নিয়ে লংমার্চ করে অফিস ঘেরাও করব। অবিলম্বে এধরণের সিদ্ধান্ত থেকে সরে আসুন অন্যথায় সিলেটবাসী কঠোর আন্দোলন গড়ে তুলবে।
সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ কর্ণেল (অব.) আতাউর রহমান পীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে দিলোয়ার হোসেন সায়েম ও কাওসার আহমদের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, সাব্বির হোসেন জামিল, মঈন উদ্দিন, হাবিবুর রহমান, মিসবাহুর রহমান জেহিন, ইবাদুর রহমান, বাবুল মিয়া, আলাল আহমদ, শামীম আহমদ, ছবর উদ্দিন, কবির আহমদ, তমিজুল ইসলাম, নাদির উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে আতাউর রহমান পীর বলেন, ২০১২ সালে সিলেটে প্রেস স্থাপিত হওয়ার পর আমাদের জরিপ কাজ খুব দ্রুততার সাথে সমাপ্তির পথে। আর মাত্র প্রায় দেড় হাজার মৌজার ছাপার কাজ বাকি আছে। এখন কী কারণে প্রেস ঢাকায় নিয়ে যাওয়া হবে, এটা একটা ষড়যন্ত্র। তিনিও সাত দিনের মধ্যে আদেশ বাতিলের দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেন।
স্মারকলিপি পেশ:
এদিকে গতকাল বুধবার জমিয়তে উলামায়ে ইসলাম-এর সিলেট ৪ আসনের প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী ও বৈষম্যবিরোধী শিক্ষক জোট, সিলেট এর সমন্বয়ক ও মদন মোহন কলেজ সিলেট এর সহযোগী অধ্যাপক মোঃ ফরিদ আহমদ এর নেতৃত্বে একটি পক্ষ সিলেটের বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি দিয়েছেন। এতে উল্লেখ করা হয়, সিলেট বিভাগের বৃহৎ চারটি জেলা-সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ নিয়ে জোনাল সেটেলমেন্ট অফিস সিলেট কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সিলেট জোনের ভৌগলিক অবস্থান বিবেচনায় জরিপ কাজের চূড়ান্ত কার্যক্রম সহজতর করার লক্ষ্যে ১২ বছর আগে ভূমি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল কার্যালয়ের ও অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দের মতামত সহ সরেজমিন পরিদর্শন করে জোনাল সেটেলমেন্ট অফিস সিলেটে মিনি প্রেস স্থাপন পূর্বক জরিপ কার্যক্রমের চূড়ান্ত খতিয়ানের সফ্ট ডাটা সম্বলিত সার্ভার সমূহ স্থাপিত হয়ে চলমান আছে। এই অবস্থায় প্রেস স্থানান্তর সিলেটবাসী মেনে নেবেনা।




