শাবিতে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:০২:০৯ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ আয়োজন শুরু হয়।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মতিউর রহমান।
উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “কুরআনের প্রথমেই বলা হয়েছে এই কিতাবের কোনো সন্দেহ নেই। এটি আমাদের নবী করীম (সা.)-এর উপর নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। তাই আমাদের সবার উচিত কুরআনের অর্থসহ পাঠ করা। কুরআনের মধ্যেই আমাদের জীবন পরিচালনার পূর্ণ নির্দেশনা রয়েছে।”
তিনি আরও বলেন, “ঈদে মিলাদুন্নবী বলতে আমরা নবী হযরত মোহাম্মদ (সা.)-এর জন্মদিনকে বুঝি। একই দিনে তিনি ইন্তেকালও করেছেন। আমরা যে দুরুদ পাঠ করি, তা নবী করীম (সা.)-এর কাছে পৌঁছে যায়। তাই আমাদের উচিত তাঁর নামে অধিক পরিমাণে দুরুদ পাঠ করা।”
আলোচনা সভা শেষে ছোট শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।




