মুশতাক আহমদ গাজীনগরীর খুনীদের গ্রেফতারের দাবিতে দিরাই রাস্তা পয়েন্টে অবরোধ কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:০৫:৪৮ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : জমিয়ত উলামে ইসলামের কেন্দ্রীয় নেতা সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মজলুম আলেম মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরীরকে গুম ও হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসুচী পালন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা। আজ শনিবার (৬সেপ্টেম্বর) বাদ আসর সুনামগঞ্জ জেলা জমিয়ত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। দ্রুতসময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করা হলে আগামীকাল দিরাই রাস্তা অবরোধ করার কর্মসুচীর ডাক দেন নেতৃবৃন্দা।
এর পূর্বে বাদ যোহর জেলার শান্তিগঞ্জ, জগন্নাথপুর, দিরাই, শাল্লা, ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলায় পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করে জমিয়তের নেতাকর্মীসহ সর্বস্তরের বিক্ষুদ্ধ জনতা।
সুনামগঞ্জ জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আবুল ফজল, মাওলানা আব্দুল কাদির, সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, জেলা খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি জনাব সাখাওয়াত হোসেন মোহন, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, ইসলামি আন্দোলনের সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশী, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের সহসেক্ররটারী মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, মাওলানা মুখলিছুর রহমান।
জমিয়ত নেতা মাওলানা আরশাদ নোমান ও মাওলানা ত্বোহা হোসাইনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা জমিয়তনেতা মাওলানা নুরুল মুত্তাকিন, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, সুনামগঞ্জ পৌরসভা সাধারণ সম্পাদক মুফতি মুবাশ্বির আলী, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আলীনুর আহমদ আলহাদী, যুবনেতা আসআদ আহমদ, ছাত্রনেতা সোহাইল আহমদ ইয়াহইয়া প্রমুখ।
প্রতিবাদ সভায় সুনামগঞ্জ জেলার শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে একাত্মতা পোষণ করে বলেন, একজন সহজ সরল সাধারণ জীবন যাপনকারী আলেমকে এভাবে নির্মমভাবে হত্যা করা হতে পারে তা কোন সভ্য সমাজে কল্পনা করা যায়না। হত্যাকান্ডের আজ ৪ দিন হয়ে গেল কিন্তু এখনো খুনীদের গ্রেফতার না করায় প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন জমিয়ত নেতৃবৃন্দ বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সন্তোসজনক কোন শান্তনা পায়নি যা খুবই দুঃখজনক। বক্তারা হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন অন্যথায় শান্ত সুনামগঞ্জকে অশান্ত করার কোনো দুর্ভিসন্ধিমূলক তৎপরতা জমিয়ত মেনে নেবে না।
প্রতিবাদ সভা শেষে মাওলানা মুশতাক আহমদ খুনীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।




