সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতাকে দেখতে গেলেন শাবি শিবির সভাপতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৯:৩০ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক মনিরুজ্জামান শিমুলকে দেখতে হাসপাতালে গেলেন ছাত্রশিবিরের শাবি শাখার সভাপতি তারেক মনোয়ার। এর আগে গতকাল রোববার রাত ৯টায় টিউশন থেকে ফেরার পথে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিজিবি গেইটের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
আহত ছাত্রদল নেতা মনিরুজ্জামান শিমুল বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
তার বন্ধুদের কাছ থেকে জানা যায়, রাত ৯টার দিকে টিউশন থেকে বাইসাইকেলে করে ফিরছিলেন তিনি। বিজিবি গেইটে পৌঁছানোর পর ইজিবাইকের বেপরোয়া চলাচলে তিনি গুরুতর আহত হন। তাঁর হাতে অপারেশন সম্পন্ন হয়েছে। মাথায়ও আঘাত রয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
আজ সোমবার আহত ছাত্রদল নেতাকে দেখতে যান শাবিপ্রবি শাখা শিবিরের সভাপতি তারেক মনোয়ার। এ সময় তিনি তার সার্বিক অবস্থার খোঁজখবর নেন এবং সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করেন।
এ বিষয়ে তিনি বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক ও বাংলা বিভাগের ছোট ভাই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। আমরা তাকে দেখতে এসেছি। ছোট ভাই অনেক বেশি আহত হয়েছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাকে সহযোগিতা করেছি এবং পরবর্তীতেও সহযোগিতার আশ্বাস দিয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বলে দিতে চাই, তার চিকিৎসায় যেন হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ধরনের ত্রুটি না করে সেদিকে খেয়াল রাখার জন্য।”




