হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৩ জন নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৫:২১ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জে একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন।
গতকাল বুধবার বিকেলে ও দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের দিনারপুর কলেজ এলাকা ও শায়েস্তাগঞ্জের ওলিপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের সামনে বাসচাপায় মারা যান বানিয়াচং উপজেলার সাগরদিঘির পশ্চিমপাড় মহল্লার শামিমা আক্তার (৪৫) ও তার ছেলে তকি (৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্বামী সৈয়দ আলী মিয়ার সঙ্গে দিনারপুরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তারা। রাস্তা পার হওয়ার সময় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন মারা যান।
অন্যদিকে, একইদিন বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ওলিপুর এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মিনি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক মো. ফোরকান মিয়া (২৭) ঘটনাস্থলে নিহত হন। তার বাড়ি বাগেরহাট জেলায়। তিনি সিলেট থেকে ঢাকায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনার পর দুই জায়গাতেই মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, “দুই জায়গার দুর্ঘটনায় মোট ৩ নিহত হয়েছেন। দুটি বাসই জব্দ করা হয়েছে। তবে, চালক ও তাদের সহকারীরা পালিয়ে গেছে।



