শাবিতে শিক্ষার্থীবান্ধব পরিবেশ গঠনে পদক্ষেপ নিতে ছাত্রদলের স্মারকলিপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৫:৩৭ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীবান্ধব পরিবেশ ও কাঠামোগত উন্নয়নের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাবিপ্রবি শাখা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে কোনো কোর্স ড্রপ করলে শিক্ষার্থীদের পরবর্তী ব্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়। এতে একাডেমিক গতিশীলতা বিঘ্নিত হয়। এ সমস্যার সমাধানে দ্রুত সাপ্লি সিস্টেম চালু করার দাবি জানানো হয়। শিক্ষার্থীরা কোর্স পুনরায় তোলার সিদ্ধান্ত নিলে সংশ্লিষ্ট সেমিস্টারের রেজাল্ট প্রকাশের ১৫-২০ দিনের মধ্যে বিশেষ পরীক্ষার আয়োজনের প্রস্তাবনা দেওয়া হয়।
স্মারক লিপিতে আরও উল্লেখ করা হয় বন্ধ থাকা সেকেন্ড মেজর চালু করতে হবে। মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে বাধ্যতামূলক একটি কোর্স চালু করতে হবে। পরীক্ষায় প্রচলিত সনাক্তকরণ পদ্ধতির পরিবর্তে অপটিক্যাল মার্ক রিকগনিশন (OMR) ব্যবহার করতে হবে, যাতে শিক্ষার্থীদের পরিচয় গোপন রাখা যায়। টিলারগাঁও থেকে মুজতবা আলী হল পর্যন্ত রাস্তাতে লাইট স্থাপন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে এবং সার্বক্ষণিক একজন এমবিবিএস ডাক্তার ও পর্যাপ্ত ওষুধ-সরঞ্জাম নিশ্চিত করতে হবে।




