শাবিতে ছাত্রশিবিরের বিনামূল্যে চক্ষু ক্যাম্প
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৬:৫৪:৩৭ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : বিনামূল্যে সেবা দেওয়ার উদ্দেশ্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবির। দিনব্যাপী এ কর্মসূচিতে সিলেটের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। ক্যাম্পে চোখের পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণসহ সাশ্রয়ীমূল্যে চশমা বিক্রি ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হয়।
রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের চেতনা একাত্তরের পাশে ক্যাম্পের উদ্বোধন করেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন।
দিনব্যাপী এ ক্যাম্পে সেবা নিতে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। ফ্রি তে চক্ষু সেবা পেয় উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে। সেবা নিতে আসা শিক্ষার্থী শামিম আহমেদ বলেন, ‘আজকের এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এই ধরনের উদ্যোগ সবসময়ই নেয়া দরকা। ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী আছেন যাদের আর্থিক সমস্যা বা সময়ের অভাবে চক্ষু চিকিৎসা নেয়া সম্ভব হয় না। এখানে এসে আমরা সহজেই সে সুযোগ পেয়েছি।’
আরেক শিক্ষার্থী নৌশিন মুশফি বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন উদ্যোগ সত্যিই আনন্দের। অনেক সময় ব্যস্ততা কিংবা আর্থিক সংকটের কারণে চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। আজকের এই আয়োজন আমাদের সেই সুযোগ এনে দিয়েছে। এজন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
এ বিষয়ে শিবির প্যানেলের সম্ভাব্য ভিপি প্রার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, ‘হেলথ ক্যাম্পের পর শিক্ষার্থীদের আগ্রহে চক্ষু ক্যাম্প আয়োজন করেছি এবং অভাবনীয় সাড়া পেয়েছি। আজকে অনেক শিক্ষার্থী আসছেন এবং সেবা নিচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থীরা ছাত্রশিবিরের প্রতি তাদের প্রত্যাশা ও পরামর্শ লিখিতভাবে জানাতে পারছেন। শিক্ষার্থীদের কল্যাণই আমাদের মূল লক্ষ্য। আমরা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখব।’
আই ক্যাম্প আয়োজন নিয়ে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাসুদ রানা তুহিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রিতে চক্ষু সেবা দেওয়ার উদ্দেশ্য আমাদের আজকের আয়োজন। আমরা সিলেটের কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে এসেছি এই ক্যাম্পে সাথে অত্যাধুনিক মেশিন আনা হয়েছে। যেন যথাযথভাবে শিক্ষার্থীদের চোখের পরীক্ষা করে সেবা দেওয়া যায়। একই সাথে চোখের সমস্যা সনাক্তের পর সে অনুযায়ী ফ্রি ওষুধ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে। তাছাড়া সাশ্রয়ীমূল্যে সমস্যা অনুযায়ী শিক্ষার্থীরা যেন চশমা ক্রয় করতে পারে সে ব্যবস্থাও রাখা হয়েছে। কিছুদিন পূর্বে সামাজিক সংগঠনের ব্যানারে একটি মেডিকেল ক্যাম্প হয়েছিল । সেখানে চক্ষুসেবার ব্যবস্থা না থাকায় অনেক শিক্ষার্থীরা দাবি জানিয়েছিলেন যদি চক্ষু সেবার ব্যবস্থা করা যায় তাহলে তারা আরো উপকৃত হতো। সে অনুযায়ী আমরা আজকের এই ক্যাম্প আয়োজন করেছি। এই কর্মসূচিগুলো আসন্ন শাকসুকে কেন্দ্র করা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, না এসব শাকসু কে কেন্দ্র করে নয়। এসব আমাদের নিয়মিত কর্মসূচির অংশ। শিবির সব সময় শিক্ষার্থীদের কল্যাণ হয় সেসব কাজ বাস্তবায়ন করে থাকে। এবছর দুই লাখ টাকার শিক্ষাবৃত্তি দিয়েছে শাবিপ্রবি শিবির, কিছুদিন আগে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আমেরিকা যাওয়া গবেষণায় অংশ নেওয়া শিক্ষার্থীদের। তাছাড়া ঈদে শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। এসব আমাদের বার্ষিক পরিকল্পনার অংশ ছিল।




