থিয়েটার মুরারিচাঁদের এক যুগ পূর্তি ও বিজয়ের ৫৪তম বর্ষ উদযাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮:৩৪ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে মহান বিজয় দিবসের ৫৪তম বর্ষ ও নাট্যসংগঠন ‘থিয়েটার মুরারিচাঁদ’-এর এক যুগ পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী পথনাট্য ও সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি হয়েছে। শনিবার উৎসবমুখর পরিবেশে সমাপনী দিনের অনুষ্ঠান সকাল ১১টা থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। এদিন নাটক, কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনায় দর্শক-শ্রোতারা হয়ে ওঠেন মুগ্ধ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এমসি কলেজের সাবেক অধ্যক্ষ ও থিয়েটার মুরারিঁচাদের সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
বিশেষ অতিথি ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর পান্না বসু, পদার্থবিদ্যা বিভাগের প্রধান ও থিয়েটার মুরারিচাঁদের সাবেক সহ সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জামাল উদ্দিন, এমসি কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ইমতিয়াজ তানভীর, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এস. এম. আনোয়ারুজ্জামান, এলিট গেটওয়ে সিইও রাশেদ আহমেদসহ কলেজের অন্যান্য শিক্ষক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমসি কলেজ শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছে মুরারিচাঁদ কবিতা পরিষদ, মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপ, দিক থিয়েটার (সাস্ট), দশমিক, ছন্দ নৃত্যালয় এবং জেলা শিল্পকলা একাডেমি সিলেটের নাটক বিভাগ।
অনুষ্ঠানের শেষে সদ্য বিদায়ী সভাপতি কামরুল ইসলাম বক্তব্য রাখেন। এরপর প্রফেসর পান্না বসু ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন প্রতীক সিংহ, সহ-সভাপতি হৈমন্তী বর্মন বহ্নি, সাধারণ সম্পাদক মাহফুজুল হক (অনিক প্রধান), সহ-সাধারণ সম্পাদক সাগর শর্মা, সাংগঠনিক সম্পাদক অপি ভট্টাচার্য্য, অর্থ সম্পাদক শতাব্দী দেব উর্মি, প্রচার সম্পাদক আয়ান হুসাইন, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস জেনি, অনুষ্ঠান সম্পাদক আতিক আহমেদ ইমন এবং কার্যনির্বাহী সদস্য সাবির আহমেদ সৌরভ ও রুহিত দাশ।
শুক্র ও শনিবার দুই দিনব্যাপী নাটক-কবিতা-সংস্কৃতির এই অনন্য মিলনমেলা উপস্থিত সকলের হৃদয়ে গভীর আবেগ ও শিল্পচেতনার আলো ছড়িয়ে দিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তুলে। দর্শকরা আগামীতে থিয়েটার মুরারিচাঁদের পারফরম্যান্স দেখার অপেক্ষা নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।




