ছড়ারপারের ‘ফাহিম’ হত্যা মামলার প্রধান আসামী হবিগঞ্জে গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৫, ৮:৫১:২৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট নগরীর ছড়ারপাড় এলাকায় মো. ফাহিম হত্যা মামলার প্রধান আসামী আলম খান (৩২) কে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব।
সিলেট র্যাব-৯ এর একটি দল গত বুধবার রাত ২টার দিকে হবিগঞ্জ সদর থানার লোকরা ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আলমকে গ্রেফতার করে। সে নগরীর উত্তর বালুচর শান্তিবাগ এলাকার বাসিন্দা মৃত জাফর আলী খানের ছেলে।
জানা যায়, গত ১০ নভেম্বর বিকেলে প্রধান আসামী আলম খান দলবল সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মো. ফাহিমের উপর হামলা করে। হামলায় ফাহিম গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে সিলেটের শাহপরাণ (রহঃ) থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ অভিযান চালিয়ে প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।




