দেশে ৩২ হাজার স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮:৩১ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, একটা মামলার জন্য ৩২ হাজার স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। আর প্রধান শিক্ষক পদ শূন্য থাকলে সেই স্কুল চলবে কি করে। আমাদের সহকারী শিক্ষকগণ প্রমোশন ছাড়াই শিক্ষকতা করে যাচ্ছেন। আমরা তাদের প্রমোশন দিতে পারছিনা। আর যদি সেই ৩২ হাজার সহকারি শিক্ষকের পদ শূন্য হতো তাহলে নতুন করে আরও ৩২ হাজার বেকারের কর্মসংস্থান হতো।
গতকাল শুক্রবার দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সফিউল আলম ও সদর সার্কেল আবুল খায়ের প্রমুখ।
উপদেষ্টা আরও বলেন, সফল স্কুলের দৃষ্টান্ত থেকে ধারণা নিয়ে বাকি স্কুলগুলো নিজেদের উন্নত করতে পারে। তিনি শিক্ষাকে আনন্দদায়ক করতে সহশিক্ষা কার্যক্রমের প্রতি গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় অংশ নেন মৌলভীবাজার শহরের আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম, শ্রীমঙ্গল ভাড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেবসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।




