‘রাগীব-রাবেয়া স্পোর্টস একাডেমি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে প্রতিনিধিত্ব করার খেলোয়াড় তৈরি করছে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৫১:০০ অপরাহ্ন
ডাক ডেস্ক : রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি অনূর্ধ্ব ১৮ বনাম হবিগঞ্জ অনূর্ধ্ব ১৮ দলের সিরিজ-২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানবসেবায় নিবেদিতপ্রাণ, শিক্ষা, স্বাস্থ্যসহ সমাজসেবামূলক অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী বলেন, আজকের ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস সত্যিই প্রশংসার যোগ্য। রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি শুরু থেকেই প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার সুফল আজ মাঠের খেলায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
দেশবরেণ্য শিল্পপতি দানবীর ড. রাগীব আলী আরো বলেন, এই একাডেমি শুধু জাতীয় পর্যায়েই নয়, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রতিনিধিত্ব করার মতো খেলোয়াড় তৈরি করছে। কয়েক মাস আগে রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমীর একটি টিম শ্রীলংকা সফরে গিয়ে ত্রিকেট টুর্নামেন্টে নৈপুণ্য দেখিয়ে গোটা দেশের জন্য সম্মান বয়ে এনেছে।
সমাজসেবায় অনন্য প্রতিষ্ঠান রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেন, খেলাধুলায় সিলেট অঞ্চলের পশ্চাৎপদতা দূর করতেই রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠা করেছি। দেশের খ্যাতনামা কোচ ও প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানে। এর সুফল সিলেট তথা বাংলাদেশের মানুষ ভোগ করবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. তাজ উদ্দিন বলেন, দক্ষ মানব সম্পদ গড়তে দানবীর ড. রাগীব আলী অসংখ্য প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় দক্ষিণ সুরমার রাগীবনগর আজ আলোকিত স্থানে পরিণত হয়েছে। লিডিং ইউনিভার্সিাটি যেমন শিক্ষা ও গবেষণায় অবদান রাখছে তেমনি রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমী ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।
তিনি আরও বলেন, খেলাধুলার উন্নয়নে লিডিং ইউনিভার্সিটি সবসময় স্পোর্টস একাডেমীর পাশে থাকবে এবং ভবিষ্যতেও একাডেমির সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য দেওয়ান সাকিব, রেজিস্ট্রার মফিজুল ইসলাম প্রমুখ।
এর আগে রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একা একাডেমি অনূর্ধ্ব ১৮ বনাম হবিগঞ্জ অনূর্ধ্ব ১৮ দলের খেলা উপভোগ করেন দানবীর ড. রাগীব আলীসহ অতিথিবৃন্দ। রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত এই সিরিজে বেস্ট ব্যাটসম্যান হন হবিগঞ্জের সোহান এবং বেস্ট বোলার হয়েছেন রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির মাহিন। টুর্নামেন্ট পরিচালনা করেন রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির সহকারী কোচ প্লাবন খান ও শাহ বিল্লাহ খান।




