সিলেট মেরিন একাডেমির ৪র্থ ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৫, ৪:১২:২৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট মেরিন একাডেমির ৪র্থ ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ (পাসিং আউট প্যারেড-২০২৫) অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বর্ণাঢ্য কুচকাওয়াজ ও অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী। এসময় তিনি বলেন, একজন মেরিটাইম পেশাকে সমগ্র দেশব্যাপী কিভাবে আরও জনপ্রিয় করা যায়, প্রশিক্ষণের মান কিভাবে আরও আধুনিকায়ন করা যায়, সে ব্যাপারে নৌ পরিবহন মন্ত্রণালয়, সমুদ্র পরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সর্বদাই সচেষ্ট। আন্তর্জাতিক বাজারে দক্ষ মেরিন প্রফেশনালদের ক্রমবর্ধমান চাহিদার কারণে আমাদের পাঁচটি মেরিন একাডেমি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের একাডেমিসমূহের মেরিনারগণ পৃথিবীর বিভিন্ন দেশের জাহাজে কর্মরত রয়েছে এবং উল্লেখযোগ্য হারে বৈদেশিক মুদ্রা অর্জন করছে যা দেশের উন্নয়নে সরাসরি অবদান রাখতে সহায়তা করছে। আজ বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট হতে সদ্য পাসকৃত ৬১ জন ক্যাডেট সী ফেয়ারার হিসেবে কর্মরত হবেন এবং রেমিটেন্স অর্জনের মাধ্যমে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে সহায়তা করবেন। আমি আরও আনন্দিত যে, গত বছর অত্র একাডেমি হতে পাসকৃত অধিকাংশ ক্যাডেটই বিশ্বের বিভিন্ন জাহাজে কর্মরত রয়েছে। উক্ত অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ শিপিং করর্পোরেশন, সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং অভিভাবক, স্থানীয় গণমাধ্যমের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্যাডেটদের অংশগ্রহণে একটি মনোমুগ্ধকর কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সব বিষয়ে সর্বোচ্চ মান অর্জন করায় কমান্ড্যান্ট স্বর্ণপদক অর্জন করেন ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ক্যাডেট মো. মুহাইমিনুল ইসলাম স্বপ্ন।




