নগরীতে ডিবির অভিযানে চার জুয়াড়ি আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ১:১৪:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে চার জুয়াড়িকে আটক করা হয়েছে। পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গত সোমবার বিকেল ৪ টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা সুইপার কলোনিস্থ সাবাজ স্টোর নামীয় (মুদি দোকান) এর সামনে এবং একই দিন রাত ১২টার দিকে জালালাবাদ থানার হায়দরপুর এলাকার জননী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার সময় চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- কুমিল্লা জেলার লাকসাম থানাধীন পশ্চিমগাঁও ইউনিয়নের ছনগাঁও এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৫), জালালবাদ থানাধীন মাসুক বাজার এলাকার পূর্ব দর্শার মো. রফিক মিয়ার ছেলে মো. আবুল হোসেন (২৮), টুকেরবাজার এলাকার হায়দরপুরের মৃত চাঁন মিয়ার ছেলে সুফি মিয়া (৪০) ও পূর্ব জাঙ্গাইল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জমির হোসেন (৩৮)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।




