পূর্ব বিরোধের জের
বড়লেখায় প্রতিপক্ষের হামলায় দুই সহোদর নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫:৩৭ অপরাহ্ন
বড়লেখা (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : বড়লেখায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপরপক্ষের জমির উদ্দিনসহ দুইজন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মাঠগুদাম) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে-কুয়েত ফেরত জামাল উদ্দিন (৫৫) ও কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। আহত ব্যক্তির নাম মো. জমির উদ্দিন। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামাল উদ্দিন ও কৃষক আব্দুল কাইয়ুমের সঙ্গে জমির উদ্দিনের লোকজনের সাথে পূর্ব বিরোধ রয়েছে। এর জেরে গতকাল শনিবার সন্ধ্যার দিকে তাদের মধ্যে ঝগড়া লাগে। ঘটনাটি শুনে এগিয়ে আসেন কাইয়ুমের বড় ভাই জামাল উদ্দিন। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে জামাল ও কাইয়ুম ঘটনাস্থলে নিহত হন। এসময় প্রতিপক্ষের জমির উদ্দিন আহত হন। তাকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান জানান, নিহত দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। কাউকে আটক করা হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করেছে বলেও জানান তিনি।




