খালেদা জিয়ার মৃত্যুতে সিলেটে শোকের ছায়া, জায়গায় জায়গায় দোয়া মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ২:৩০:০৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপি ৭ দিনব্যাপী শোক কর্মসূচি পালন করছে।
কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা তিনটায় সিলেট নগরের তোপখানা এলাকায় জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। আগামী সাত দিন দুপুর ১২ থেকে রাত ৮ পর্যন্ত শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম, একই সঙ্গে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত হবে।
জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী সিলেট বিএনপির সর্বস্তরের নেতা–কর্মী ও সাধারণ মানুষকে শোক কর্মসূচিতে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়ার পরপরই নগরের কুমারপাড়া এলাকার তাঁর বাসায় তাৎক্ষণিক দোয়ার আয়োজন করেন। দোয়া করেন হজরত শাহজালাল (রহ.)–এর দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজদ আহমদ।
পাশাপাশি সিলেটের বিভিন্ন মাদ্রাসায় কোরআন খতমের আয়োজন করা হয়েছে। হজরত শাহজালাল (রহ.) মাদ্রাসা, নয়াসড়ক মাদ্রাসা, কাজির বাজার মাদ্রাসা, দারুস সালাম মাদ্রাসায় কোরআন খতমের আয়োজন করা হয়।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান, দলের চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর ইন্তেকালে নগরবাসী শোকাহত। সিলেট নগর বিএনপির উদ্যোগে আজ বাদ আসর শাহজালাল (রহ.) দরগাহর মসজিদ প্রাঙ্গণে এক দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখা, সিলেট জেলা আইনজীবী সমিতি, সিলেট জেলা প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট-২ আসনে বিএনপির দলীয় প্রার্থী তাহসিনা রুশদীর (লুনা), বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপি, সিলেট-৬ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ফখরুল ইসলাম প্রমুখ।
এসব শোকবার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন স্বাধীন, সার্বভৌম, জাতীয় ঐক্যের প্রতীক এবং রাজনৈতিক অভিভাবক। তিনি দল, দেশ এবং মাটি ও মানুষের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর সাহসী সিদ্ধান্ত, দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতা রাজনীতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ ও পরীক্ষিত রাষ্ট্রনায়ককে হারালো, যা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। খালেদা জিয়ার আদর্শ, রাজনৈতিক দর্শন ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।




