কিডনি ফাউন্ডেশন হাসপাতালে পাইলটিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র ডায়ালাইসিস মেশিন হস্তান্তর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৬, ৯:৫৬:৩৯ অপরাহ্ন
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালে পাইলটিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে এর পক্ষ থেকে একটি ডায়ালাইসিস মেশিন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। যার মাধ্যমে বিনামূল্য রোগীদের সেবা প্রদান করা হবে। বৃহস্পতিবার কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে এই ডায়ালাইসিস মেশিন দেওয়া হয়।
এছাড়াও গ্লোবাল জালালাবাদের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স প্রদানের আশ্বাস দেওয়া হয়, যা ভবিষ্যতে জরুরি রোগী সেবায় বড় ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
এই আয়োজনে শুধু ইউকে নয়, ইউএসএ ও জার্মানি থেকে আগত পাইলটিয়ানরাও উপস্থিত ছিলেন। তাঁদের সরব উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। পরিদর্শনকালে অতিথিবৃন্দ হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় আন্তরিক প্রশংসা প্রকাশ করেন। তারা সকলেই কিডনি ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বেশ কয়েকজন সম্মানিত ব্যক্তি লাইফ মেম্বার হওয়ার আগ্রহ প্রকাশ করেন, যা আমাদের জন্য বিশেষভাবে উৎসাহব্যঞ্জক।
কিডনি ফাউন্ডেশনের সিইও কর্নেল অব এম সালামের সভাপতিত্বে কিডনি হাসপাতালে ডায়ালেসিস মেশিন উপহার উপলক্ষে এক সভায় বক্তব্য রাখেন ইউকে থেকে আগত পাইলোটিয়ান মকসুদ খান বাবুল, ইঞ্জিনিয়ার কামাল ইয়াকুব,
কাউন্সিলর শেরওয়ান আহমদ, নজরুল ইসলাম বাসন, শোয়েব আদমজি সহ পাইলটিয়ান ছাড়া খন্দকার নুরুর রহমান পাশা, শেখ ফারুক আহমেদ, ডা. নাসিম আহমদ প্রমুখ।
এ ব্যাপারে পাইলোটিয়ান এম রকিব বলেন, যুক্তরাজ্যে অবস্থানরত আমরা সকল পাইলটিয়ান আজ কেএফএস-এর আরেকটি সফল দিনের (বিভিন্ন হস্তান্তর কার্যক্রমসহ) খবর দেখে অত্যন্ত আনন্দিত। আজকের এই কার্যক্রমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পাইলটিয়ান অ্যালামনাইদের পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত স্থানীয় অ্যালামনাই এবং অন্যান্য প্রবাসী বাংলাদেশি (এনআরবি) সংগঠনসমূহ অংশগ্রহণ করেছেন। ছোট-বড় এসব উদ্যোগ কেএফএস-এর মহৎ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সকল পাইলটিয়ানকে ধন্যবাদ জানাই- বিশেষ করে যারা আর্থিক সহায়তা ও উদ্যম নিয়ে এগিয়ে এসেছেন, আসছেন এবং ভবিষ্যতেও এগিয়ে আসবেন।




