এমসি কলেজ ইকোনোমিকস এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ৪:৪৫:১১ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের এমসি কলেজ ইকোনোমিকস এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ও আমেরিকা প্রবাসী অর্থনীতি বিভাগের প্রাক্তন (শিক্ষাবর্ষ ১৯৮৪-৮৫) শিক্ষার্থী ইকবাল হাসানের আর্থিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে কলেজের অর্থনীতি বিভাগের ১০৮ নম্বর কক্ষে শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এমসি কলেজ ইকোনোমিকস এলামনাই এসোসিয়েশনের সদস্য সচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. জাকারিয়া চৌধুরী, দিলীপ কুমার পাল এবং প্রফেসর মো. তোতিউর রহমান।
এসময় বক্তারা বলেন, তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো কোনো করুণা নয়, বরং এটি আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। মানুষ হিসেবে মানুষের বিপদে এগিয়ে আসাই প্রকৃত মনুষ্যত্ব। আপনার দেওয়া একটি কম্বল বা শীতবস্ত্র একটি অসহায় মানুষের জীবন বাঁচাতে পারে। তাদের কল্যালে সবাই মিলে এগিয়ে এলে সমাজে কেউ শীতে কষ্ট পাবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের ট্রেজারার মারুফ আহমেদসহ সদস্য আমিনুল ইসলাম, রতন কুমার ঘোষ, মিতালী দেব (১৯৮৪-৮৫), মো. দিলওয়ার হোসেন বাবর (১৯৮৬-৮৭), কামরুল আনাম চৌধুরী (১৯৯২-৯৩), মো. আব্দুর রশিদ (১৯৯৩-৯৪), রাজিব নাইডো (২০০২-০৩), সাহেদ আহমদ, আতিকুর রহমান (২০০৪-০৫), স্বপন মিয়া সাকি (২০০৬-০৭), আব্দুল বাছিত (২০০৮-০৯), সাইদুর রহমান লিমন (২০০৯-১০) এবং অত্র বিভাগের শিক্ষার্থী শ্রুতি দেব।
অনুষ্ঠানে মানবিক এই উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রবাসী দাতা ইকবাল হাসানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।




