অনিশ্চিত শাকসু নির্বাচন, শঙ্কায় প্রার্থীরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৪:৪৮:৫৪ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : বাংলাদেশ নির্বাচন কমিশনের জারিকৃত প্রজ্ঞাপনের প্রতিবাদে রাতভর আন্দোলনের পর শেষ রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থী ও শাকসু নির্বাচন কমিশন। দীর্ঘ আলোচনার পর প্রশাসন জানায় আজ মঙ্গলবার বিকাল ৫টায় উপাচার্য নির্বাচন কমিশনের সাথে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। কিন্তু সন্ধ্যা ৬টা হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু জানায় নি। এ নিয়ে শঙ্কায় রয়েছেন প্রার্থীরা।
প্রশাসনের পক্ষ থেকে কিছু না জানানোর প্রেক্ষিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এ ব্যাপারে দৈনিক সিলেটের ডাককে উপ-উপাচার্য অধ্যাপক ড. মও. সাজেদুল করিম বলেন, বিকেল সাড়ে ৫টায় উপাচার্য ও ট্রেজারার ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে পৌঁছেছেন। এখনও কেনো সিদ্ধান্ত আসেনি। আমরা অপেক্ষা করছি এ নিয়ে।
এদিকে, শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে দেখা গেছে। এছাড়া ক্যাম্পাসে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবেন ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) শিক্ষক নেতারা।
অপরদিকে, শাকসু নির্বাচন নিয়ে কথা বলতে ডাকসুর ভিপি সাদেক কায়েম নির্বাচন কমিশন কার্যালয়ে যাচ্ছেন বলে জানা গেছে।




