সাঙ্গ হলো জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৫:১৮:২২ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, শিক্ষায় বিনিয়োগ করলে যুগ যুগ ধরে সুফল পাওয়া যায়। অন্যান্য বিনিয়োগে লোকসানের সম্ভাবনা থাকলেও শিক্ষার বিনিয়োগে লাভের পরিমাণ সীমাহীন। তিনি বলেন, শিক্ষার অবারিত সুযোগ একটি দেশ ও জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেয়।
তিনি গতকাল রোববার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী ৭৫ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শাবি ভিসি বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে ছাত্র, শিক্ষক-অভিভাবকের যুগপৎ প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষাকে পণ্য হিসেবে নয়, মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত করতে পারলে একদিন আমরা উপকৃত হবো। বিশ্বায়নের এই যুগে তথ্যপ্রযুক্তি ভিত্তিক শিক্ষার উপর জোর দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে সরকার ও বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। প্রবাসী বিত্তশালীদের গরীব মেধাবীদের জন্য বৃত্তির ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি।
সমাপনী অনুষ্ঠানের প্রথম দিন জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে ভর্তি বছর অনুযায়ী স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে অংশ নেন প্রাক্তন শিক্ষার্থীরা। এসময় স্কুলে কাঠানো স্মৃতিময় মূহুর্তগুলো তুলে ধরেন তারা। পরে বিকেল তিনটায় ৭৫ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী উপলক্ষে প্রকাশিত স্মারক ‘প্রেরণা’র মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। এসময় স্বাগত বক্তব্য রাখেন স্মারক উপ কমিটির আহ্বায়ক মুক্তার আহমদ।
প্রাক্তণ শিক্ষার্থী দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, এসএম ফাহিম ও মাহফুজুল হাসান ইব্রাহিমের যৌথ পরিচালনায় সমাপনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-উদযাপন কমিটির যুগ্ম সচিব কফিল আহমদ রিংকু। পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রাক্তন শিক্ষার্থী ফাহাদ বিন আব্দুল আজিজ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের অব:সরপ্রাপ্ত শিক্ষক আব্দুল ময়ীন ও নেছারুল হক চৌধুরী বুস্তান, সাবেক শিক্ষক সাইফুল ইসলাম, সামছুল ইসলাম সেলিম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফিজ আব্দুল রহিম আজাদ, প্রাক্তন শিক্ষার্থী আব্দুল জব্বার জলিল, হোসেন আহমদ, ময়নুল হক চৌধুরী হেলাল, তফজ্জুল হোসেন, এম এ শহীদ পংকি, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুকিত, অধ্যক্ষ কামরুল হক, এডভোকেট মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। সমাপনী বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক আখলাকুল আম্বিয়া বাতিন। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র্যাফেল ড্র এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। পরে রাত ৮টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণিল আয়োজনের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি




