শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলেজে শিবিরের বিক্ষোভ মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৬, ৮:০৬:৫৬ অপরাহ্ন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলেজে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজের জারুলতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিলাগড় পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এসময় এমসি কলেজ শিবিরের পাশাপাশি কলেজের সাধারণ শিক্ষার্থীরাও এই মিছিলে অংশ নেন।
এমসি কলেজ শিবিরের সেক্রেটারী অলিদ হাসানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সভাপতি ইসমাঈল খান, ইন্টার ওয়ার্ডের সভাপতি রুম্মান আহমেদ, বিজ্ঞান অনুষদের সভাপতি আবু সুফিয়ান, ছাত্রাবাস ওয়ার্ডের সভাপতি রুহুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এদেশের ছাত্রসমাজ গোলামীর জিন্দেগী থেকে আজাদীর জিন্দেগী পছন্দ করে। আমরা জানি এদেশের বড় একটি রাজনৈতিক দল, যারা কখনো এদেশের ছাত্রসমাজের পক্ষে ছিল না। ১৯৯১ সালে তারা নির্বাচিত হওয়ার পরে তারা দুইবার সরকার গঠন করেছে। কিন্তু, ৯১ এর পর থেকে তারা দুইবার নির্বাচিত হলেও কখনো বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ছাত্রসংসদ দেয় নাই। আজকেও তারা শাকসু নির্বাচন বানচালের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে তারা এদেশের ছাত্রসমাজের পক্ষে নয়। নির্বাচন কমিশনের সামনে তাদের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অছাত্রদের বসিয়ে রেখেছে। তারা ষড়যন্ত্র করে শাকসু নির্বাচনকে বানচাল করেছে। এদেশের ছাত্রসমাজ তাদের এই স্থগিতাদেশকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমরা মেরুদন্ডহীন প্রশাসনকে বলতে চাই, আপনারা ছাত্রদের অধিকার ফিরিয়ে দেন। নাহলে এদেশের ছাত্রসমাজ জুলাইয়ের ফ্যাসিবাদের মতো আপনাদেরকেও বিতাড়িত করবে। বিজ্ঞপ্তি




