চারিত্রিক গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই- লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন
সিলেটে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘বইয়ের পাতা’র বই উৎসব সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ৭:২১:০৬ অপরাহ্ন
সিলেটে উৎসবমুখর পরিবেশে সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্পন্ন হয়েছে ‘বইয়ের পাতা’ আয়োজিত চতুর্থ সিরাত অলিম্পিয়াড-এর বই উৎসব। শুক্রবার নগরীর প্রাণকেন্দ্র চৌহাট্টাস্থ ইউনিভার্স্যাল কলেজে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে অলিম্পিয়াডের বই তুলে দেওয়া হয়।
বইয়ের পাতার পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে এবং মাআজ বিন মঈনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তাজ উদ্দিন। এসময় তিনি বলেন, “বর্তমান প্রজন্মের চারিত্রিক গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে বেরিয়ে এসে বইয়ের পাতায় মনোনিবেশ করতে হবে।” তিনি বইয়ের পাতার এমন ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই কার্যক্রমকে আরও বেগবান করার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী স্কলার ও শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মানসুর। বই উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বইয়ের পাতার পরিচালক সাঈদ আহমদ, আবু বকর সিদ্দিক, শামীম পাটোয়ারি, আবু রাইয়্যান সায়েম, রায়হান ওয়াহিদ ও জূবায়ের আহমদ ।
অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বই বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে এক আকর্ষণীয় কুইজ কনটেস্ট অনুষ্ঠিত হয়। কুইজ বিজয়ীদের মাঝে পরিবেশবান্ধব পুরস্কার হিসেবে ‘গাছের চারা’ উপহার প্রদান করা হয়, যা উপস্থিত সবার নজর কেড়েছে। বিজ্ঞপ্তি




