বালাগঞ্জ, জগন্নাথপুর ও নবীগঞ্জে নির্বাচনী জনসভা
ন্যায়-ইনসাফের রাষ্ট্র গঠনে ১১ দলীয় জোটকে বিজয়ী করতে হবে : আল্লামা মামুনুল হক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৬, ৯:০৫:১২ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, পরিবর্তনের পক্ষে দেশে এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে। ১১ দলের ঐক্যের পক্ষে সুস্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ক্ষমতার পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ।
তিনি গতকাল মঙ্গলবার সিলেটের বালাগঞ্জ, সুনামগঞ্জের জগন্নাথপুর এবং হবিগঞ্জের নবীগঞ্জে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মামুনুল হক আরো বলেন, আগামী বাংলাদেশ হবে সাম্য ও ইনসাফের বাংলাদেশ। এজন্যে একটি ন্যায় ভিত্তিক ইনসাফের রাষ্ট্র গঠনে ১১ দলীয় জোটকে বিজয়ী করতে হবে।
বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, মঙ্গলবার বিকালে বালাগঞ্জ উপজেলা সদরস্থ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সিলেট-৩ আসনে ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর রিকশা মার্কার সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ১১দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে জয়ী হতে, হ্যাঁ-কে বিজয়ী করতে সিলেট-৩ আসনে রিকশা মার্কাকে বিজয়ী করতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে এবং বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট রহমত আলীর পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জুল হুসাইন মিরাজী, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শাহজাহান আলী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সৈয়দ আলী আছগর, বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. মুহাম্মদ আব্দুল জলিল, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন মিছলু, বাংলাদেশ খেলাফত মজলিসের বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আসাদুজ্জামান আসাদ, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মীম হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল ইসলাম প্রমুখ।
জগন্নাথপুর থেকে নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর রিকশা প্রতীকের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, বিগত ৫৪ বছর ধরে বাংলাদেশে লুটপাট, গুন্ডামি ও দুর্বৃত্তয়ানে রাজনীতি চলছে। যে রাজনীতি বাংলার মেহনতি মানুষের সকল শ্রমকে বিপন্ন করে তুলেছে। বাংলাদেশকে কোনভাবে সামনের দিকে অগ্রসর হতে দিচ্ছে না। তিনি বলেন, আমার দেশের কৃষক, শ্রমিক ও প্রবাসী রেমিটেন্স যোদ্ধার পায়ের ঘাম মাথায় ফেলে, শরীরের রক্ত পানি করে দেশের অর্থনীতিতে অবদান রাখলে দেশের মানুষের ভাগ্যেন্নয়ন হয়নি।
তিনি বলেন, তাই আজ আমরা ১১ দল ঐক্যবদ্ধ হয়েছি; দেশের পরিবর্তন আনার জন্য। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ঐক্যের রাজনীতিকে ভিত্তি করে। বিভেদের রাজনীতি যারা করতে চাইবে ; বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। তাই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি তাঁর দলের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশার চৌধুরীর রিকশা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
বাংলাদেশ খেলাফত মসজিদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুল মুনঈম শাহিন কামালীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ফয়সল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র মজলিস নেতা আব্দুল আজিজ, সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি মাওলানা নুরুল ইসলাম খান জাহাঙ্গীর, সাবেক সহ সভাপতি মুসা মোল্লা, উপদেষ্টা মাওলানা আমিরুল ইসলাম, দিরাই উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম,বিশ্বনাথ শাখার সাধারণ সম্পাদক আবদুল বাছিত,জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি নুরুজ্জামান, খেলাফত শ্রমিক মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি অলিউর রহমান, পৌর সহ সভাপতি মাওলানা নুরুল হক নিজামী,উপজেলা অফিস সম্পাদক শামীম আহমেদ প্রমুখ।
এদিকে হবিগঞ্জের নবীগঞ্জ জে কে হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় মামুনুল হক বলেন, ক্ষমতায় এলে ১১ দলীয় জোট ভারতের আধিপত্য ও প্রভাব বিস্তার রুখে দেবে। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে। নির্বাচনী প্রচারণায় জোটের কর্মী-সমর্থকদের নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন মামুনুল হক। তিনি বলেন, বিশেষ করে নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে গেলে বাধাগ্রস্ত হচ্ছেন।
তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ থাকতে হবে। নারী ভোটার ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
সভায় ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন মামুনুল হক। খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরা।




