কওমি মাদ্রাসা আমাদের কলিজা, আলেমদের নিয়ে মিথ্যাচার বন্ধ করুন : ডা. শফিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৬, ৩:১০:৫৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কওমি মাদ্রাসা আমাদের কলিজা। জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেয়া হবে এমন প্রচারণাকে ‘জঘন্য মিথ্যাচার’ উল্লেখ করে তিনি আলেমদের নিয়ে ষড়যন্ত্র ও মিথ্যাচার বন্ধের আহ্বান জানিয়েছেন।
গতকাল শুক্রবার সকালে ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কওমি মাদ্রাসা নিয়ে ছড়ানো গুজবের জবাবে জামায়াত আমির বলেন, ‘আলেম ওলামার ব্যাপারে একটা কথা ছড়ানো হচ্ছে, জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা থেকে যারা ফারিগ হয়েছেন, শিক্ষা নিয়েছেন সেই মাদ্রাসাগুলো বন্ধ করে দেয়া হবে আর মসজিদ থেকে তাদেরকে বিদায় করে দেয়া হবে। এটা একটা জঘন্য মিথ্যাচার।’
তিনি জোর দিয়ে বলেন, ‘কওমি মাদ্রাসা আমাদের হƒদয়, আমাদের কলিজা। ইসলামী শিক্ষা মূলত তারাই এখন ধরে রেখেছেন। আমরা কথায় নয়, কাজে প্রমাণ করব কওমি মাদ্রাসা মানেই আমাদের কলিজা। ইনশাআল্লাহ। যারা ভয় দেখায় তারা মতলববাজ। আমরা আশা করি তাদের এই মতলব সবাই বোঝে।’
নারীদের অধিকার ও অপপ্রচার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘বলা হয় জামায়াতে ইসলামী বা তার সঙ্গীরা ক্ষমতায় গেলে মা-বোনদের ঘরের বাইরে বের হতে দেবে না। আমাদের মা-বোন, স্ত্রী-কন্যা আছে। তারা যদি ঘরের বাইরে গিয়ে অবদান রাখতে পারে, উচ্চশিক্ষা নিতে পারে, তবে বাংলাদেশের প্রত্যেকটি মাকে আমরা সেভাবেই গড়ে তুলব। আমরা মায়েদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’
নির্বাচনী সহিংসতা বা উত্তেজনার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় আমরা মাথা গরম হালত দেখতে পাচ্ছি। শীতের দিনে মাথা গরম করলে চৈত্র মাসে কী করবেন আপনারা? একটু মাথাটা ঠান্ডা রাখেন। জুলাই যোদ্ধাদের সম্মান করুন। মা-বোনদের গায়ে হাত তুলবেন না। মায়েদের একটা দীর্ঘশ্বাস আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে।’
বক্তব্যে বুয়েট ছাত্র আবরার ফাহাদের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘ফেনী নদী নিয়ে দুটি কথা বলেছিল আবরার, এজন্য তাকে জীবন দিতে হয়েছে। ফেনীবাসী আবরার ফাহাদের রুহকে আপনাদের কাছে রেখে গেলাম। যতদিন ফেনী দুনিয়ায় বেঁচে থাকবে, আবরার ফাহাদকে আপনাদের কলিজায় একটু জায়গা দিয়ে রাখবেন।’




