কানাইঘাটে পরিত্যক্ত ভবন থেকে উচ্চ মাত্রার বিস্ফোরক উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫২:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : র্যাবের অভিযানে কানাইঘাট থেকে উচ্চ মাত্রার বিস্ফোরকের চালান উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে কানাইঘাটের দিঘীরপাড় ইউনিয়নস্থ কুওরের মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে পলিথিন মোড়ানো অবস্থায় বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। এসময় পলিথিন ব্যাগ থেকে র্যাব ২৫টি পাওয়ার জেল এবং ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করে।
র্যাবের মিডিয়া সেল থেকে জানানো হয়, উদ্ধারকৃত পাওয়ার জেল এবং ইলেকট্রিক ডেটোনেটর গুলো উচ্চ মাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। এসময় র্যাব কাউকে খুঁজে পায়নি। উদ্ধারকৃত পাওয়ার জেল এবং ইলেকট্রিক ডেটোনেটর সমূহ নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত বিস্ফোরক কানাইঘাট থানায় সাধারণ ডায়রি করে হস্তান্তর করে র্যাব।




