সুনামগঞ্জে নাছির, মিলন, কামরুল, কয়ছর ও নুরুল বিজয়ী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৫:৫৭ অপরাহ্ন
শহিদনূর, সুনামগঞ্জ: সুনামগঞ্জের ৫টি আসনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও মধ্যনগর) আসনের ঘোষিত বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বড় ব্যবধান তৈরি করে জয় নিশ্চিত করেছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এই আসনের মোট ১৭৮টি ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী তোফায়েল আহমদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট। এছাড়া নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক বই প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৮৪ ভোট।
সুনামগঞ্জ-১ আস নে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ১ হাজার ৫৩০ জন। নির্বাচনে প্রদত্ত মোট বৈধ ভোটের সংখ্যা ২ লক্ষ ৫৫ হাজার ৯২৪টি। সেই হিসাবে এই আসনে ভোট প্রদানের হার দাঁড়িয়েছে ৫১.০৩ শতাংশ।
সুনামগঞ্জ-২: শিশির মনিরকে হারিয়ে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী নাসির চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বেসরকারি ঘোষিত ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ নাসির চৌধুরী।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এই আসনের মোট ১১২টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে নাসির চৌধুরী পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী নিরঞ্জন দাস কাস্তে প্রতীকে পেয়েছেন ১ হাজার ২০২ ভোট। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই আসনে মোট ৫৪.৭৩ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ৩ হাজার ২৫৩টি ভোট বিভিন্ন কারণে বাতিল বলে গণ্য হয়েছে। সব মিলিয়ে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৩ হাজার ৯৭৪টি।
সুনামগঞ্জ-৩: বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী এম কয়ছর আহমেদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী মোহাম্মদ কয়েছ আহমদ।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ কয়ছর আহমেদ পেয়েছেন ৯৭ হাজার ৩১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ২২৬ ভোট। অর্থাৎ, ৫৫,০৮৭ ভোটের ব্যবধানে কয়ছর আহমদ বিজয়ী হয়েছেন।
নির্বাচনের দৌড়ে তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, যার রিকশা প্রতীকে ভোট পড়েছে ১৪ হাজার ২০৩টি। এছাড়া আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী সৈয়দ তালহা আলম ঈগল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৩৭ ভোট।
অন্যান্য প্রার্থীদের মধ্যে খেলাফত মজলিসের শেখ মুশতাক আহমদ (দেয়াল ঘড়ি) ৮৫৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহফুজুর রহমান খালেদ (টেবিল ঘড়ি) ২৩৭ ভোট এবং হুসাইন আহমেদ (ফুটবল) ১৭৭ ভোট পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,৭৩,০১৬ জন। এর মধ্যে সর্বমোট ভোট পড়েছে ১,৬৪,৩৯২টি, যার মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১,৫৯,৯৫০টি এবং বাতিল হয়েছে ৪,৪৪২টি ভোট। এই আসনে ভোট প্রদানের হার দাঁড়িয়েছে ৪৪.০৭ শতাংশ। ১৪৮টি কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রের তথ্যের ভিত্তিতে এই ফলাফল ঘোষণা করা হয়েছে।
সুনামগঞ্জ-৪ আসনে বড় ব্যবধানে জিতলেন নূরুল ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নূরুল ইসলাম। ১১৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন মোট ৯৮ হাজার ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: সামছ উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৭৩৫ ভোট। অর্থাৎ, ২২ হাজার ৩৫৭ ভোটের ব্যবধানে নূরুল ইসলাম জয়লাভ করেছেন।
অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন মোটর সাইকেল প্রতীকে ২৬ হাজার ৩০৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী মো: নাজমুল হুদা লাঙ্গল প্রতীকে ১ হাজার ৭৮৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহীদুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৩৫ ভোট পেয়েছেন।
এই আসনে এবার মোট ভোটারের সংখ্যা ছিল ৩,৭২,১৮৫ জন। এর মধ্যে ২,০৯,৫৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যার মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২,০৩,৫৮৮টি এবং বাতিল হয়েছে ৫,৯৭০টি ভোট। এই আসনে ভোট প্রদানের হার ৫৬.৩০ শতাংশ।
সুনামগঞ্জ-৫ আসন জয়ী বিএনপি প্রার্থী কলিম উদ্দিন মিলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বড় জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন। ঘোষিত ফলাফল অনুযায়ী, কলিম উদ্দিন আহমদ মিলন পেয়েছেন মোট ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২ হাজার ১২১ ভোট।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্যান্য প্রার্থীদের মধ্যে খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুল কাদির (দেয়াল ঘড়ি) ২ হাজার ২৭৮ ভোট, জাতীয় পার্টির মোহাম্মদ জাহাঙ্গীর আলম (লাঙ্গল) ১ হাজার ৫২৪ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো: আজিজুল হক (আম) পেয়েছেন ৪৩৩ ভোট।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রেরিত বার্তা অনুযায়ী, এই আসনের মোট ১৭১টি কেন্দ্রের ফল সমন্বয় করা হয়েছে। নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৪৫৭ জন। এর মধ্যে ২ লাখ ৫৮ হাজার ২৭৯টি ভোট বৈধ হিসেবে গণ্য হয়েছে এবং ৫ হাজার ৪৯২টি ভোট বাতিল হয়েছে। আসনটিতে ভোট প্রদানের হার ৫০.০১ শতাংশ।




