বাঁধ নির্মাণ কাজে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না : পানি সম্পদ মন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২২:২৬ অপরাহ্ন
তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাওরের বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে পাহাড়াদারের ভূমিকা পালন করবে সরকার। অতীতে বাঁধ নির্মাণ কাজে অনিয়ম হলেও এবার কোন ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন তিনি।
গতকাল শুক্রবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী।
এসময় মন্ত্রী আরো বলেন, ডুবন্ত বাঁধ নির্মাণ মাধ্যমে হাওরের ফসলের সুরক্ষা দিয়ে আসছে সরকার। বিগত সময়ে বাঁধ নির্মাণ কাজে অনিময় দুর্নীতি হয়েছে। নির্বাচিত সরকার এ ব্যাপারে সচেষ্ট রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করা হচ্ছে। তিনি নিয়মিত হাওরাঞ্চলের খোঁজখবর রাখছেন।
হাওরে এসব মহতী উদ্যোগগুলো যেনো দুর্নীতির কারণে সরকারের বদনাম না-হয় সেজন্য সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক কর্মী ও সচেতন নাগরিকদের সচেতন থাকতে হবে।
নদী ও খাল খননের ব্যাপারে পানি সম্পদ মন্ত্রী বলেন, সরকার খাল ও নদী খননের ব্যাপারে সচেষ্ট রয়েছে। ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে খনন কাজ করা হবে। সরকারে এসব কাজে পাহারাদারের ভূমিকায় থাকবে বলে জানান তিনি।
এসময় পানি সম্পদ মন্ত্রী হাওর এলাকার সাধারণ কৃষকদের কথা শুনেন এবং বাঁধের কাজ সুচারুপে করতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -১ এর সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ ৩ এর সংসদ সদস্য এম কয়সর আহমেদ, সুনামগঞ্জ – ৪ এর সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ -৫ এর সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, পানি উন্নয়ন বোর্ড এর প্রধান প্রকৌশলী (উত্তর পূর্ব) কায়সার আহমেদ, নির্বাহী প্রকৌশলী সুনামগঞ্জ মামুন হাওলাদার প্রমুখ।



