শাবিতে ‘সঞ্চালন’র ঈদবস্ত্র বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৬, ১:২৮:০৩ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিউ ফুটকোডে ‘ঈদ আনন্দ’ শীর্ষক এই কর্মসূচির মাধ্যমে মোট ১২৭টি পোশাক বিতরণ করা হয়।
পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক মো. মুহিবুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের ১৫তম কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি বোরহান উদ্দিন আহমেদ, ১৬তম কমিটির সভাপতি মো. নাদিমুল, সিনিয়র সহ-সভাপতি রাহিমা পারভিন রুহি এবং হাবিবা আক্তার লিনা।
অতিথিরা সঞ্চালনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সংগঠন সূত্রে জানা যায়, বিতরণকৃত পোশাকের মধ্যে ছিল শাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি এবং শিশুদের পোশাক। আসন্ন ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই ছিল এই আয়োজনের লক্ষ্য।
এই কর্মসূচির সম্পূর্ণ অর্থ সঞ্চালনের সদস্যদের পরিচালিত তহবিল থেকে সংগ্রহ করা হয়েছে।



