হামলা ও চাঁদা দাবির অভিযোগে জৈন্তাপুরে ছাত্রদল নেতা গ্রেফতার, পরে বহিষ্কার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৬, ১২:০৮:৪০ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি উন্নয়ন প্রকল্পের কাজে ব্যবহৃত বালুর ট্রাক আটক করে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে রহমত মারুফ (২২) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার বিরাখাই হাটিরগ্রাম ওয়াবদার বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
গ্রেফতারকৃত রহমত মারুফ ওই এলাকার বাসিন্দা এবং জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক।
আরও পড়ুন : জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতাসহ আটক- ৬
পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, জৈন্তাপুরের বড় গাং নদীর তীরবর্তী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ এবং নদী ভাঙন রোধে সরকারি বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ওই প্রকল্পে বালু সরবরাহকারী ট্রাকগুলো বিরাখাই হাটিরগ্রাম এলাকায় পৌঁছালে রহমত মারুফের নেতৃত্বে কয়েকজন যুবক পথরোধ করেন। ট্রাক চলাচলের বিনিময়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। ট্রাক চালক মাহফুজুর রহমান ও প্রকল্পের ম্যানেজার ফারুক আহমদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর হামলার অভিযোগ করা হয়। চালককে মারধর ও ট্রাক ভাঙচুর চালানো হয়।
এই ঘটনায় ভুক্তভোগী ট্রাকচালক মাহফুজুর রহমান বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পে বাঁধা প্রদান এবং চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে রহমত মারুফকে পুলিশ গ্রেফতার করেছে। তাকে কালকে কোর্টে প্রেরণ করা হবে।
এদিকে এ ঘটনায় জৈন্তাপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক রহমত মারুফকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। বৃহস্পতিবার সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জৈন্তাপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক রহমত মারুফের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণাদির ভিত্তিতে তাকে জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।




