কানাইঘাটে স্বামীর হাতে ৩ সন্তানের জননী নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৬, ৮:১০:৫০ অপরাহ্ন
কানাইঘাট থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের কানাইঘাট উপজেলায় স্বামীর হাতে ফারহানা বেগম নামে তিন সন্তানের এক জননী খুন হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খণ্ড গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী সোহেল আহমদ পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের ফারহানা বেগমকে বিয়ে করেন সোহেল। বিয়ের পর থেকেই সোহেল প্রায়ই ফারহানার ওপর নির্যাতন চালাতেন। এ কারণে তাদের পরিবারে কলহ লেগেই ছিল। পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের পর সুহেল পালিয়ে যায়।
নিহতের ভাই সেলিম উদ্দিন জানান, তার বোনের স্বামী সোহেল একজন মাদকাসক্ত। তিনি প্রায়ই ফারহানাকে মারধর ও নির্যাতন করতেন। এ নিয়ে একাধিকবার সালিসি বৈঠকও হয়েছে। নির্যাতনের শিকার হয়ে তার বোন প্রায়ই বাবার বাড়িতে চলে আসতেন। সর্বশেষ আবারও মারধরের পর তিনি বাবার বাড়িতে আশ্রয় নেন। সোমবার দিনে তার বোন দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামের মামার বাড়িতে যায়। রাতে মামার বাড়ি থেকে তাকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেী মর্গে পাঠায়। অভিযুক্ত স্বামী সোহেল আহমদকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।



