শান্তিগঞ্জে ২১৯৫ মেট্রিক টন বোরো ধান কিনবে সরকার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৬, ৯:০৫:০১ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ও মনিটরিং কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুর রব, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুহুল হাসান, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক এবং আইন বিষয়ক সম্পাদক রহমান তৈয়বসহ অন্যান্যরা।
সভায় জানানো হয়, চলতি মৌসুমে শান্তিগঞ্জ উপজেলায় সরকার ৩৬ টাকা কেজি দরে (মন প্রতি ১,৪৪০ টাকা) মোট ২,১৯৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে। উন্মুক্ত পদ্ধতিতে আগ্রহী কৃষকদের কাছ থেকে সর্বনিম্ন ৩ মন এবং সর্বোচ্চ ৭৫ মন পর্যন্ত ধান ক্রয় করা হবে।
আগামী ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবে খাদ্য বিভাগ।



