সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬, ১০:১৯:৪১ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক (শিশু) ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী। আজ সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা বিভাগ-১ শাখার উপসচিব রাহেলা রহমদ উল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপাচার্য হিসেবে তাঁর নিযুক্তির মেয়াদ ৪ বছর। তিনি উপাচার্য পদে যোগদানের পূর্বে সরকারি চাকরি থেকে অব্যাহতি গ্রহণ করবেন, উপাচার্য হিসাবে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’ এর ১২ ধারা অনুযায়ী তাঁর দায়িত্বাবলী পালন করবেন, তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন আহরণ করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।
অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিশু মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানও। ডা. জিয়া ১৭ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন। কিন্তু, দীর্ঘদিন তাকে কোন পদোন্নতি দেয়া হয়নি। তার জুনিয়ররা স্বাস্থ্য বিভাগের অনেক গুরুত্বপূর্ণ পদে আসীন হলেও রাজনৈতিক কারণে বঞ্চিত রাখা হয় তাকে। পরে তাঁকে ২০২৪ সালের ২৯ অক্টোবর সিলেট বিভাগের অন্যতম সেরা বিদ্যাপীঠ ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে পদায়ন করা হয়। আর সবশেষ সোমবার তাঁকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ডা. জিয়া সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর গ্রামের বাসিন্দা। ডা. জিয়া ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। এরপর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর বিএসএমএমইউ হতে শিশু মেডিসিনে ডিসিএইচ ডিপ্লোমা এবং ঢাকা মেডিকেল থেকে স্নাতোকোত্তর ডিগ্রী এম.ডি (শিশু মেডিসিন) অর্জন করেন। তারপর তুমুল প্রতিযোগিতাপূর্ণ ১৭তম বিসিএস-এ উত্তীর্ণ হন।



