সিলেটে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৬, ৬:৩১:০৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে ১ জন ও হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) জগন্নাথপুরের দেড় বছর বয়সী শিশু ওয়াজিহার মৃত্যু হয়। একই সময়ে একই হাসপাতালের পিআইসিইউতে সিলেটের গোলাপগঞ্জের ৮ মাস বয়সী তাহা মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। তিনি জানান, জগন্নাথপুরের দেড় বছর বয়সী শিশু ওয়াজিহাকে ২১শে এপ্রিল রাত প্রায় ৯টার দিকে পিআইসিইউ-তে ভর্তি করা হয়েছিল। প্রথমে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং তারপরে ওসমানীর পিআইসিইউ-তে স্থানান্তর করা হয়। তার হামের সন্দেহ করা হচ্ছিল, যার সাথে ব্রঙ্কোনিউমোনিয়া, হার্ট ফেইলিওর এবং সার্জিক্যাল এমফিসেমাও ছিল। আর তাহা হার্ট ফেইলিওর, ব্রঙ্কোনিউমোনিয়া ছিল। তাকে গত ২৪ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। আরও ২ জন রোগীও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে ১৯০ জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। সবচেয়ে বেশি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৭ জন রোগী ভর্তি রয়েছেন।



