সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬, ৭:৪৬:৫৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সপ্তাহ পেরুতে না পেরুতেই আবারও বজ্রপাতে সুনামগঞ্জে ৩ জনের মৃত্যু হয়েছে। পৃথক বজ্রপাতের ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আব্দুর কাদিরের ছেলে জমির উদ্দিন (৩৮), একই উপজেলার গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের কায়িদ হোসেনের ছেলে জমির হোসেন (৪০) এবং জামালগঞ্জ উপজেলার রুপাবালী গ্রামের আবুল কালামের ছেলে আবু ছালেক (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের দেখার হাওরে অন্যান্য কৃষকদের সাথে ধান কাটতে যান জমির উদ্দিন। এসময় আকস্মিক বজ্রপাতে জমির উদ্দিন আহত হলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া একই সময় গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের জমির হোসন বাড়ি থেকে বের হয়ে বৈটাখালি নদীঘাটে দোকান খুলতে যাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই সময় হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে জামালগঞ্জ উপজেলার রূপাবালী গ্রামের আবু ছালেক গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে তাঁকেও ডাক্তার মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর রহমান জানান, আজ দুপুরে বজ্রপাতের ঘটনায় তিনজনকে নিয়ে হাসপাতালে আসা হয়। তারা সবাই হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন।
অপরদিকে শান্তিগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আরো ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিক মুহুর্তে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
এদিকে বজ্রপাতের ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেননা স্বজনরা। বজ্রপাতে এমন মৃত্যুর ঘটনায় আতঙ্ক বিরাজ করছে হাওর এলাকায়। বৈরী আবহাওয়া ধান কাটতে গিয়ে মৃত্যু ঝুঁকিতে পড়ছেন কৃষকেরা।




