লন্ডনের টাওয়ার হ্যামলেটস নির্বাচন : কাউন্সিলর পদে লড়ছেন সিলেট সদরের দেলওয়ার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬, ১১:০০:১৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আসন্ন মেয়রাল নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এ নির্বাচনে ইউনিভার্স ওয়ার্ড থেকে ক্ষমতাসীন লেবার পার্টির মনোনীত কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেটের কৃতি সন্তান মোঃ দেলওয়ার হোসেন। আগামী ৭ মে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ নির্বাচনে তিনি ‘গোলাপ ফুল’ প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন। উইভার্স ওয়ার্ডের দীর্ঘদিনের বাসিন্দা দেলওয়ার হোসেন টাওয়ার হ্যামলেটসসহ যুক্তরাজ্যে বসবাসরত সিলেটি ও বৃহত্তর বাংলাদেশি কমিউনিটির কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। তাঁর সঙ্গে লেবার পার্টির প্রার্থী আমিনা আলী এবং আলোচিত মেয়র প্রার্থী কাউন্সিলর সিরাজুল ইসলাম মাঠে সক্রিয় রয়েছেন।
দেলওয়ার হোসেনের শিকড় বাংলাদেশের সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঘোপাল মনোহরপুর নয়াবাড়ী গ্রামে। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুর রহমানের বড় ছেলে এবং তাঁর দাদা ছিলেন এলাকার সুপরিচিত বিচারক মরহুম হাজী তাহির আলী। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যে সপরিবারে বসবাস করছেন এবং কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মতে, দেলওয়ার হোসেন একজন সৎ, পরিশ্রমী এবং জনমুখী ব্যক্তি। নির্বাচিত হলে তিনি টাওয়ার হ্যামলেটসের উন্নয়ন, বাসস্থান সংকট নিরসন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা জোরদারে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
নির্বাচনকে সামনে রেখে উইভার্স ওয়ার্ডে লেবার পার্টির প্রচারণা জোরদার হয়েছে। দেলওয়ার হোসেন বলেন, “আমি সিলেটের সন্তান হিসেবে সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আপনাদের একটি মূল্যবান ভোটই আমার এবং আমার দলের শক্তি। ৭ মে ‘গোলাপ ফুল’ মার্কায় ভোট দিয়ে আমাকে এবং আমার দলকে আপনাদের সেবা করার সুযোগ দিন।”
উল্লেখ্য, টাওয়ার হ্যামলেটসে বিপুল সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের বসবাস রয়েছে। স্থানীয় কাউন্সিলে বাংলাদেশি প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করতে এবারের নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন কমিউনিটির সচেতন মহল।



