দৈনিক সিলেটের ডাক-এ প্রাণবন্ত আলোচনা
সিলেট সিটিকে বাসযোগ্য ও দৃষ্টিনন্দন করার সব প্রচেষ্টা চালাচ্ছি- প্রশাসক কাইয়ুম চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৬, ৯:০২:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের গণমানুষের নেতা এম সাইফুর রহমান মানুষের কল্যাণে নিজের জীবন ব্যয় করেছেন। তাঁর সাথে কাজ করা ছিল আমার জন্য সৌভাগ্যের। তাঁর পদাঙ্ক অনুসরণ করে সিসিককে সুন্দর করার প্রচেষ্টা চালাচ্ছি।
গতকাল বৃহস্পতিবার দৈনিক সিলেটের ডাক পত্রিকা অফিসের হলরুমে পত্রিকার সাংবাদিকসহ বিভিন্ন বিভাগের কর্মীদের সাথে প্রাণবন্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
কাইয়ুম চৌধুরী বলেন, জাতীয় নির্বাচন শেষে দল আমাকে সিলেট সিটি করপোরেশনের দায়িত্ব দিয়েছে। ক্লিন সিটি, গ্রিণ সিটি-গঠন আমার অঙ্গীকার। সিলেট সিটিতে এসে আমার প্রথম কাজ ছিল মশা নিধন। মশক নিধনসহ নগরীর বিদ্যমান সমস্যাবলী আমরা সমাধানের চেষ্টা চালাচ্ছি। সিলেট সিটিকে সত্যিকার অর্থে জনগণের জন্য বাসযোগ্য এবং দৃষ্টিনন্দন একটি সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
নগরীর বিভিন্ন সমস্যার আলোকপাত করে তিনি বলেন, নগরীতে ৩০১ টি শপিংমল রয়েছে। শুধুমাত্র ৩১ টি মার্কেটের ব্যবসায়ীরা বর্জ্য ব্যবস্থাপনা ফি দেন। বাকিগুলো ফি’র বাইরে। আমরা চেষ্টা করছি সিলেট সিটিকে সুন্দর করার। সুরমা নদীর দুই তীরে ১৫ কিলোমিটার দীর্ঘ ওয়াকওয়ে নির্মাণের জন্য একটি প্রকল্প বাস্তবায়নের প্রচেষ্টায় আমরা রয়েছি। বাণিজ্যমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীসহ সবার সহযোগিতা নিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করতে চাই। তিনি সিলেট নগরীর উন্নয়নে সাংবাদিকসহ সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
বিগত ফ্যাসিস্ট আমলে সংবাদমাধ্যমের ‘টুটি’ চেপে ধরার বিষয়টি আলোকপাত করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। কেউ সংবাদপত্র ও সাংবাদিকদের এ স্বাধীনতায় হস্তক্ষেপের অপচেষ্টা চালালে তা কঠোর হস্তে দমন করা হবে। কাইয়ুম চৌধুরী বলেন, দৈনিক সিলেটের ডাক-এর সংবাদের গ্রহণযোগ্যতা ও বস্তুনিষ্ঠতা সর্বজনবিদিত। দৈনিক সিলেটের ডাক-এর সাথে বিদ্যমান সম্পর্ক আগামীতে আরো সুদৃঢ় ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-দৈনিক সিলেটের ডাক-এর অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী, আহমদ সেলিম, নূর আহমদ, আনাস হাবিব কলিন্স, সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার ফায়জুর রহমান, লবীব আহমদ, কম্পিউটার সেকশনের ইকবাল সরকার ও শিপন আহমদ, ফয়সল হোসেন, পান্না লাল রায়, হিসাবরক্ষক মশরুর হোসাইন, বিজ্ঞাপন ব্যবস্থাপক রফিকুল ইসলাম, আনহার উদ্দিন, সম্পাদনা সহকারী প্রদীপ চন্দ্র দাশ, রিসিপশনিস্ট নুর মিয়া প্রমুখ।
সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সিলেট সিটি এখন পরিষ্কার-পরিচ্ছন্ন, দুর্গন্ধ মুক্ত। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার ফলে নগরবাসী ফেলতে পারছেন স্বস্তির নি:শ্বাস। তারা সিলেট নগরীর ছড়া-নালা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নে প্রশাসনের মনোযোগ আকর্ষণ করেন। দৈনিক সিলেটের ডাক পরিদর্শনে আসায় তারা কাইয়ুম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন, দানবীর ড. রাগীব আলী নানা প্রতিকূল পরিস্থিতি স্বত্বেও দৈনিক সিলেটের ডাক-এর প্রকাশনা অব্যাহত রেখেছেন। এটা তাঁর বদান্যতার বহি:প্রকাশ। তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন।




