দিরাইয়ে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৬, ৭:৫৩:৫০ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ-সুনামগঞ্জের দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৬টি দোকান পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাত উপজেলার রজনীগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে আশপাশের লোকজন ও ফায়াস সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল বুধবার গভীর রাতে প্রথমে রজনীগঞ্জ বাজারে স্কুল মার্কেটে ব্যবসায়ী আতাউর রহমানের কাপড়ের দোকানে আগুন লাগে। পরে পাশের সারজুল মিয়া, আল আমিন, আব্দুস সালাম, অজয় দাস, শাহজাহান মিয়ার মুদি দোকানসহ বিভিন্ন দোকানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রন করে। আগুনে ৬ দোকানের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
দিরাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ শিশির কুমার দাশ জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কোন তথ্য পাওয়া না গেলেও, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনে ৬ টি দোকানের ৪০-৫০ লাখ মালামাল ক্ষতি হতে পারে বলে জানান তিনি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, বুধবার রাতে রজনীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানা যায়নি, কেউ কোন অভিযোগ করেনি।



