দিরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৬, ৮:৪৭:৪৫ অপরাহ্ন
দিরাই সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতাঃ-লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রত্যয় নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে র্যালি ও ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৬জুন) সকালে পৌর শহরের থানা পয়েন্ট সংলগ্ন পূবালী ব্যাংক শাখা প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেন মার্কেটে গিয়ে শেষ হয়।
র্যালি পরবর্তী এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করে, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. জিয়াউল হাসান সৌরভ বলেন, ক্যাশলেস ব্যাংকিং বাংলাদেশ ব্যাংকের একটি উদ্যোগ এবং এতে পূবালী ব্যাংকের ভালো সম্পৃক্ততা আছে।
এসময় তিনি বলেন, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, তখন ক্যাশলেস ব্যাংকিং প্রচলিত ছিল না। অনেক দূর থেকে আমার চাচা এসে আমাকে টাকা দিয়ে যেতেন। বিষয়টি আমি অনুভব করি যখন আমরা এনালগ থেকে ডিজিটাল হলাম। ক্যাশলেস ব্যাংকিং সেবা আস্তে আস্তে আমাদের টাকা লেনদেন অনেক সহজ করে দিয়েছে।
পূবালী ব্যাংক দিরাই শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার রোকন চন্দ্র পাল বলেন, আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সমাজ সেবক আব্দুর রশিদ চৌধুরী, দিরাই বাজারের ব্যবসায়ী শাব্বির মিয়া, জিয়াউল হক (ভুট্টো), হান্নান অর রশিদসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



