সড়ক দুর্ঘটনায় সিলেট রিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৬, ১১:৩৭:৪৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর অন্তর্ভুক্ত সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের (রেজি: নং ১৬৬৯) সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত রোববার নগরের মেজরটিলার আল-আমান জামে মসজিদে জোহরের নামাজ আদায় করে বাসায় ফিরছিলেন।এসময় একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হলে দ্রুত ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
এদিকে, শ্রমিক নেতা নজরুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এ্যাডভোকেট জামিল আহমদ রাজু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনার যথাযথ তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্যে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।



