সিলেটে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ঝটিকা মিছিল, আটক-৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৬, ৯:২৮:৪৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে নগরীর নবাব রোড এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় জনতা ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা ৪ জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
আটককৃতরা হলেন- ইব্রাহিম মোস্তফা মাহি, সানিয়াদ আহমদ, রেদওয়ান আহমদ রাব্বি, আশরাফুল আহমদ শাফি।
জানা যায়, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে কর্মসূচিটি আয়োজন করা হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ৪০/৫০ জন নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নেতাকর্মীরা যখন নবাব রোডের একটি সড়ক প্রদক্ষিণ করছেন টিক তার বিপরীত পাশেই পুলিশের একটি গাড়ি দাঁড়ানো ছিল। মিছিলটি পুলিশের গাড়ির পাশ দিয়ে সামনের দিকে চলে যায়। সেই সময় মিছিলটিতে মানুষের সংখ্যা বেশি হওয়াতে পুলিশকে বাঁধা দিতে দেখা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, সকালে নগরীর নবাব রোড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন। এসমশ চারজনকে আটক করা হয়েছে। পরে দুপুরের দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মিছিলের এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।



