সিলেটে রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল অপসারনের নির্দেশ এসএমপির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৬, ৭:৩৮:০০ অপরাহ্ন
সিলেটে রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল দেশী/বিদেশী ডোমেইন থেকে অপসারনের নির্দেশ প্রদান করে গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। আজ বুধবার সন্ধ্যায় ৪৮ ঘণ্টার সময় দিয়ে এই গণবিজ্ঞপ্তি জারি করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের জন্য নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে। লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন নিউজ পোর্টাল কর্তৃক যথাযথ রেজিস্ট্রেশন ব্যতীত ভুল, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, মানহানিকর, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও প্রোপাগান্ডা ভিত্তিক সংবাদ প্রচার করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।
এতে আরও বলা হয়, এমতাবস্থায় এই গণবিজ্ঞপ্তি জারীর ৪৮ ঘন্টার মধ্যে (০১ মে, ২০২৬ সন্ধ্যা ১৮.০০ ঘটিকা) রেজিস্ট্রেশন বিহীন অনলাইন নিউজ পোর্টাল দেশী/বিদেশী ডোমেইন থেকে অপসারনের নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্তরূপ নিউজ পোর্টালের প্রকাশিত কোন সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সিলেট মহানগরীর সর্বসাধারণকে অনুরোধ করা হলো। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারী করা হলো।



