মসজিদে ভাঙচুর : এলাকায় উত্তেজনা
বিশ্বনাথে ওরস উপলক্ষে গান বাজনা বন্ধ করে দিয়েছে ক্ষুব্ধ জনতা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬, ১২:১৭:৫১ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বনাথে ইব্রাহিম শাহের মাজারে ৩ দিনব্যাপী ওরস উপলক্ষে অনুষ্ঠিত গান বাজনা বন্ধ করে দিয়েছেন ক্ষুব্ধ জনতা। গত রোববার রাতে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। পরদিন স্থানীয় মসজিদে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে, এ ব্যাপারে কোন পক্ষ থানায় এখনো পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেননি।
স্থানীয় সূত্র জানায়, বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের পীর ইব্রাহিম মাস্তান ওরফে ইবইশা’র মাজার কেন্দ্রিক প্রতি বছর তিনদিন ব্যাপী ওরস হয়ে আসছে। ওরসে প্রতি বছর দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার ভক্ত-অনুসারী উপস্থিত হন। স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, ওরসকে কেন্দ্র এখানে নারী-পুরুষ বাউল গানের নামে অশ্লীল নৃত্যের পাশাপাশি মাদকের জমজমাট আসরের আয়োজন হয়। গত রোববার রাত থেকে এ বছরের ওরস শুরু হয়। মঞ্চ তৈরি করে উচ্চস্বরে জমজমাট বাউল গানের আসর শুরু হয়। এ ঘটনায় এলাকার শত শত মানুষ ক্ষুব্ধ হয়ে রাত ১২টার দিকে স্টেইজের দিকে মিছিল নিয়ে যান। স্টেইজের শিল্পী ও আয়োজকরা তখন দৌড়ে নিরাপদ দূরত্বে চলে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে, ক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে বেশ কয়েকটি চেয়ার ও মঞ্চ ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরদিন সকালে কে বা কারা স্থানীয় মসজিদের বেশ কয়েকটি কাঁচের জানালা ভাঙচুর করে। খবর পেয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান দৈনিক সিলেটের ডাককে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি।




