প্রতি সিটের বিপরীতে লড়ছেন ৪ শিক্ষার্থী
অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার মুরারিচাঁদ কলেজের আসন-বিন্যাস প্রকাশিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৪:০৬ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের মুরারিচাঁদ (এমসি) কলেজের ভর্তি পরীক্ষার আসন-বিন্যাস প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার কলেজের ওয়েবসাইটে এই আসন বিন্যাস প্রকাশিত হয়। এমসি কলেজ কেন্দ্রের ভর্তি পরীক্ষা ৪ টি ভেন্যুতে হবে। এমসি কলেজে অনার্সের ১৫ টি বিভাগে ২১৯০ সিটের বিপরীতে ভর্তি পরীক্ষা দিবেন ৮ হাজার ৩৮৮ জন পরীক্ষার্থী। এরমধ্যে বিজ্ঞান বিভাগের ৪,৬৪১ জন পরীক্ষার্থী, মানবিক বিভাগের ৩,৩৯৬ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের ৩৫১ জন পরীক্ষার্থী রয়েছেন। যেখানে প্রতি সিটের বিপরীতে লড়বেন ৪ জন করে। ১০০ মার্কের এই ভর্তি পরীক্ষা আগামী শনিবার সকাল ১১ টায় শুরু হয়ে ১২ টায় শেষ হবে।
ভেন্যুগুলো হলো- মুরারিচাঁদ কলেজ, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, আল-আমীন জামেয়া স্কুল এন্ড কলেজ।
এরমধ্যে এমসি কলেজে ক্যাম্পাসে বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীদের ২১৩৭০০১ থেকে ২১৩৭৯১১, মানবিক বিভাগের ৪২১৬১৫৩ থেকে ৪২১৯৫৪৮ পর্যন্ত এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৬০৮৫৩২২ থেকে ৬০৮৫৬৭২ রোলধারী শিক্ষার্থীরা পরীক্ষা দিবেন।
আর বিজ্ঞান বিভাগের ২১৩৩২৭১ থেকে ২১৩৪৭৩০ রোলধারীরা সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে, ২১৩৪৭৩১ থেকে ২১৩৬১৭০ রোলধারীরা শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এবং ২১৩৬১৭১ থেকে ২১৩৭০০০ পর্যন্ত রোলধারীরা আল-আমীন জামেয়া স্কুল এন্ড কলেজে ভর্তি পরীক্ষা দিবেন।
ইতিমধ্যে ভর্তি পরীক্ষার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কলেজ প্রশাসন। এবিষয়ে এমসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন জানান, আমাদের সবধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা চেষ্টা করেছি পরীক্ষার ভেন্যুগুলো পাশাপাশি রাখার। এখন শুধু আমাদের পরীক্ষা আয়োজনের অপেক্ষায়। আসনবিন্যাস ইতিমধ্যে কলেজের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আশা করছি পরীক্ষাটি গতবারের ন্যায় এবারও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।



