সুনামগঞ্জের সড়কে মৃত্যুর মিছিল থামছেই না : প্রাণ গেল ৬ জনের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৬, ৮:০৮:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জ থেকে সংবাদদাতা : সুনামগঞ্জের সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। সিলেটের পর এবার সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, সোমবার বিকালে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। আহত আরও ৩জন সিলেট এমএজি ওসমানি হাসপাতালে মারা গেছেন।
এছাড়াও দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর এলাকায় পৃথক আরো একটি সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাস ও সিএনজি ছিটকে গিয়ে খাদে পড়ে যায়। দুমড়ে-মুচড়ে যায় সিএনজি। এসময় সিএসজিতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত চালকসহ আরও ৪জনকে উদ্ধার করে আশঙ্কজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্য ডাক্তার তাদের মধ্যে ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহত আরও একজনের অবস্থায় আশঙ্কজনক বলে জানাগেছে। তাৎক্ষনিক মুহুর্তে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এদিকে দুপুরে সদর উপজেলার নারাইনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, জালালপুর এলাকায় ঘটা দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনসহ মোট ৫জন নিহত হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গতকাল রোববার সকালে সিলেটের তেলিবাজার কোনো এলাকায় পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ৯ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের ৭ জনের বাড়ি সুনামগঞ্জ জেলায়। এ নিয়ে সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ প্রাণ ঝরেছে ১৩ জনের।



