সিলেটে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৬, ১২:০৭:০০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট বিভাগে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে সন্দেহভাজন ও হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। এর মধ্যে ১৫ জন সন্দেহভাজন এবং ৩ জন হামে আক্রান্ত ছিলেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২০০ জন রোগী।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত আজ মঙ্গলবারের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
মারা যাওয়া দুই শিশু হলেন- সিলেটের বিশ্বনাথ উপজেলার সরতীষ গ্রামের আব্দুল আফিকের ছেলে ৬ মাস বয়সী ওমর ও সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরতপুর গ্রামের টুটুল সরকারের ছেলে ৫ মাস বয়সী প্রিয়ম সরকার। তারা দুজনেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২০০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে সর্বোচ্চ ৮৩ জন চিকিৎসা নিচ্ছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন। এসময়ে নতুন করে ১ জনের দেহে হাম শনাক্ত হয়েছে।



